ফ্যাসিবাদের দোসর ইসফাক আহসানকে বিসিবি থেকে অপসারণ

বাংলা রিডার ডেস্ক
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছিলেন এম ইসফাক আহসান। তবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সমালোচনার মুখে তাকে পদচ্যুত করেছে এনএসসি।

আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কেন্দ্রীয় সদস্য এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করা ইসফাকের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “গণমাধ্যমের মাধ্যমে আমরা ইসফাক আহসানের বিতর্কিত অতীত সম্পর্কে জানতে পেরেছি। তাই তাকে বিসিবি পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারই নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে।”

সাম্প্রতিক বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এর বাইরে দুইজন নির্বাচিত হন এনএসসি কোটায় ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই চার অঞ্চলের পরিচালকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মূলত মোট ১৯১ জন ভোটারের মধ্যে ওই চার বিভাগের ভোট বাদ গেলে ১৫৬ জন ভোটার ভোট দেওয়ার কথা ছিল। তবে অনেকে ভোট না দেওয়ায় শেষ পর্যন্ত ১১৫ জন ভোট দেন, যার হার ছিল ৭৩.৭১ শতাংশ।

ক্যাটাগরি-১:
আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

ক্যাটাগরি-২:
ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু।

ক্যাটাগরি-৩:
খালেদ মাসুদ পাইলট।
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (চূড়ান্ত),
এম ইসফাক আহসান (অপসারিত)।

উল্লেখ্য, ইসফাক আহসান অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিলেন। রাজনৈতিক সম্পৃক্ততা এবং তাকে ঘিরে ওঠা বিতর্কের প্রেক্ষিতে এনএসসি এই পদক্ষেপ নেয়।

বিজ্ঞাপন

Recommended For You