বিশ্বকাপে টানা জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

বাংলা রিডার ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল (টাইগ্রেসরা)। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা।

ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের গৌহাটিতে, শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক, ফলে প্রথমে ব্যাট করছে টাইগ্রেসরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। বোলারদের দৃঢ়তায় সহজেই জয় তুলে নেয় তারা, যার ফলে দল আত্মবিশ্বাসে ভরপুর।

বিশ্বকাপে অংশ নিতে গিয়ে পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর লক্ষ্য নিয়ে এবারের আসরে খেলছে বাংলাদেশ। ২০২২ সালে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল দলটি—যেটি ছিল বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ জয়।

এবার সেই সাফল্যের ধারা ধরে রাখতে চায় টাইগ্রেসরা। তবে চ্যালেঞ্জটা সহজ নয়। প্রতিপক্ষ ইংল্যান্ডও দুর্দান্ত ফর্মে রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়ে শক্ত বার্তা দিয়েছে।

ওয়ানডেতে এখন পর্যন্ত একবারই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে ১০০ রানে হারতে হয়েছিল টাইগ্রেসদের। এছাড়া টি-টোয়েন্টিতে চারবারের দেখায় চারবারই জয় পেয়েছে ইংলিশরা।

তবে এবার আত্মবিশ্বাসী বাংলাদেশ দল ইংলিশদের বিপক্ষে ইতিহাস পাল্টাতে চায়।

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক)

নাহিদা আক্তার (সহ-অধিনায়ক)

ফারজানা হক

রাবেয়া হায়দার ঝিলিক

শারমিন আক্তার সুপ্তা

সোবহানা মোস্তারি

রিতু মনি

স্বর্ণা আক্তার

ফাহিমা খাতুন

রাবেয়া খান

মারুফা আক্তার

ফারিহা ইসলাম তৃষ্ণা

সানজিদা আক্তার

নিশিতা আকতার নিশি

সুমাইয়া আক্তার

দ্বিতীয় ম্যাচেও জয় পেলে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

Recommended For You