জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়ার প্রস্তুতি

বাংলা রিডার ডেস্ক 

জাতীয় ঐকমত্য কমিশন শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠকে এই কথা জানান তিনি। বৈঠকটি কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী এই সভায় জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর মনোভাব সম্পর্কে আলোচনা হয়। ঐকমত্য কমিশনের অবস্থান নিয়ে উপস্থিত সদস্যদের অবহিত করা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, অধ্যাপক আলী রীয়াজ বলেন, কমিশন সব রাজনৈতিক দলের কাছ থেকে ব্যাপক সহযোগিতা পেয়েছে এবং গণমাধ্যম থেকেও অসাধারণ সমর্থন মিলেছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ ও শুভকামনা জানান এবং দ্রুত সময়ের মধ্যে কমিশনের অগ্রগতি সম্পর্কে তাকে জানাতে নির্দেশ দেন।

আজকের বৈঠকে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের পাশাপাশি উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বৈঠকে ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান।

বিজ্ঞাপন

Recommended For You