গাজার নৌবহর ও শহিদুল আলমের বিষয়ে গুরুত্বসহকারে নজর রাখা হচ্ছে —প্রধান উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক
গাজামুখী মানবিক সহায়তা মিশনে অংশ নেওয়া নৌবহরের সদস্যদের নিরাপত্তা ও অবস্থার প্রতি নিবিড় নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশেষভাবে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে ড. ইউনূস এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শহিদুল আলমকে ১০৭ দিন কারাভোগ করতে হয়। তখন তিনি যে সাহস, দৃঢ়তা ও অটল মানসিকতার পরিচয় দিয়েছিলেন, বর্তমান মিশনেও তিনি সেই একই চেতনায় অটল রয়েছেন। “তিনি আজ বাংলাদেশের মানুষের অবিচল মানবিক চেতনার এক উজ্জ্বল প্রতীক,” উল্লেখ করেন ইউনূস।

ড. ইউনূস আরও বলেন, “গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি বলেছিলাম, মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা মানবজাতির বহু দশকের অর্জিত অগ্রগতিকে ধ্বংস করছে। এই করুণ বাস্তবতা গাজায় আজ সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান। শিশুরা অনাহারে মারা যাচ্ছে, সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল, স্কুল, পাড়া-মহল্লা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে।”

তিনি বলেন, “আমরা শহিদুল আলমের সঙ্গে আছি, আমরা গাজার মানুষের সঙ্গে আছি — এখন এবং সবসময়।”

বিজ্ঞাপন

Recommended For You