
বাংলা রিডার ডেস্ক
শেষ পর্যন্ত অনুমানই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে গিয়ে তিনি নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
তামিমের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আসে ক্লাব কোটা নিয়ে পরিচালকের পদ ভাগাভাগি নিয়ে চলমান সমঝোতা ভেঙে যাওয়ার পর। এ নিয়ে গত কয়েক দিন ধরেই বিসিবির নির্বাচনী পরিবেশ ছিল টানটান উত্তেজনার।
সূত্র জানায়, সোমবার ও মঙ্গলবার রাতে দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এরপর বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদ বিতর্কিত ১৫টি ক্লাবের বিরুদ্ধে আদালতে রিট করেন।
আদালত ওই ক্লাবগুলোর ওপর নির্বাচন অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেন, যার ফলে তাদের কাউন্সিলরদের ভোটাধিকার বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়।
এ পরিস্থিতিতে তামিম ইকবাল ও তার প্যানেল বড় ধরনের ভোট-সমর্থন হারানোর ঝুঁকিতে পড়ে। সবকিছু বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
শুধু তামিম নন, তার মতো আরও কয়েকজন প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করছেন বলে জানা গেছে। আজ (বুধবার) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
বিসিবি নির্বাচন কমিশনার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বলেন, “আদালতের নির্দেশনা আমাদের সবার মানতে হবে। কমিশনও এর বাইরে যেতে পারবে না।”
বিসিবি নির্বাচন কমিশন আজ বিকেলেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।



