
বাংলা রিডার ডেস্ক |
বাংলাদেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এ কথা জানিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সারাহ কুক জানান, তার দেশ নির্বাচনকেন্দ্রিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার পাশাপাশি ভোটকর্মীদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করতে চায়।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন অংশীজন ও কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এ দিন ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক করে কমিশন।



