
বাংলা রিডার ডেস্ক
এশিয়া কাপ ফাইনাল শেষে এক আবেগঘন ঘোষণায় পাকিস্তান ক্রিকেট দল জানায়, ম্যাচ ফি তারা দান করবে ভারতের মে মাসের হামলায় নিহত শিশু ও সাধারণ মানুষের পরিবারকে।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দলের আচরণ ঘিরে সৃষ্টি হয় বিতর্ক। আয়োজক এসিসি সভাপতি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এর ফলে প্রায় দেড় ঘণ্টা বিলম্বিত হয় অনুষ্ঠানটি।
পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, “ভারতীয় দল ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত এবং করমর্দনে অনীহা শুধু পাকিস্তান নয়, গোটা ক্রিকেটকেই অসম্মান করেছে।”
তিনি বলেন, “আমি নিজে একজন ক্রিকেটপ্রেমীও। আমাদের আচরণ দেখে কোটি শিশু দর্শক শিখছে। আমরা যদি সৌজন্যবোধ না দেখাই, তাহলে তাদের কী শিক্ষা দিচ্ছি?”
তিনি আরও জানান, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে সৌজন্যপূর্ণ হলেও, দলীয় সিদ্ধান্তের কারণে বাধ্য হয়েছেন হাত না মেলাতে।
সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে আগা জানান, “পুরো দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে—ফাইনালের ম্যাচ ফি ভারতের হামলায় নিহতদের পরিবারে দান করা হবে। আমরা বিশ্বাস করি, এটাই মানবিক দায়িত্ব।”



