
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৫০ জন প্রতিনিধি পাঠানোর আগ্রহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, নির্বাচন কমিশন (ইসি) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ এ তথ্য জানান।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর ইইউর আট সদস্যের একটি দল ইসির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো সেলারি। ওই বৈঠকে ইসির পক্ষে নেতৃত্ব দেন এক যুগ্ম সচিব। পরে দলটি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন।
ইসি জানায়, ইইউ পর্যবেক্ষক দল একসঙ্গে সবাই আসবেন না। তফসিল ঘোষণার পর তারা ধাপে ধাপে দেশে আসবেন এবং নির্বাচনী বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করবেন। তারা জানতে চেয়েছেন—ভোটকেন্দ্রে প্রবেশাধিকার থাকবে কিনা, গোপন কক্ষ পর্যবেক্ষণ করা যাবে কিনা এবং ভোট গণনার সময় উপস্থিত থাকা যাবে কিনা।
সচিব আখতার হামিদ বলেন, “তারা শিডিউল ঘোষণার পর থেকেই আসতে চান। পর্যায়ক্রমে প্রতিনিধিদল আসবে এবং নির্বাচন পর্যন্ত পর্যবেক্ষণ চালিয়ে যাবে।”
তিনি আরও জানান, ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে—নির্বাচনের ফলাফল কীভাবে প্রকাশ করা হয় এবং তা ওয়েবসাইটে প্রকাশিত হয় কিনা।



