পাকিস্তানি চেয়ারম্যানের কারণে এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত

বাংলা রিডার ডেস্ক:
দর্শকদের হতবাক করে এশিয়া কাপের শিরোপা জয়ের পরও ট্রফি গ্রহণ করেনি ভারতীয় ক্রিকেট দল। রোববার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতলেও, বিজয়ী দলের হাতে ওঠেনি বিজয়ীর ট্রফি।

পুরস্কার বিতরণী মঞ্চে তখন এক অস্বাভাবিক দৃশ্য—চ্যাম্পিয়ন ভারতীয় দল উল্লাসে মেতে উঠলেও, ট্রফির জায়গা ফাঁকা। আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারা পাশে দাঁড়িয়ে ছিলেন নিশ্চুপ, আর এসিসি চেয়ারম্যান মাহসিন নাকভি, যিনি পাকিস্তানের রাজনীতির সঙ্গে যুক্ত, ছিলেন পুরো ঘটনার কেন্দ্রে।

ভারতীয় দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, তারা এসিসির বর্তমান চেয়ারম্যান মাহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নয়।
বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) সচিব দেবজিৎ শাইকিয়া এএনআইকে বলেন:

“আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসিসি চেয়ারম্যানের (মাহসিন নাকভি) কাছ থেকে ট্রফি নেব না। তিনি পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায়, তার কাছ থেকে ট্রফি গ্রহণে আমরা আগ্রহী নই। তবে এর মানে এই নয় যে ট্রফি ও পদক পাকিস্তানের কাছেই থেকে যাবে। আমরা আশা করি, সেগুলো যথাযথভাবে ভারতের হাতে তুলে দেওয়া হবে।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের কুলদীপ যাদব, তিলক বার্মা ও অভিষেক শর্মা ব্যক্তিগত পুরস্কার নিলেও পাকিস্তানি চেয়ারম্যান নাকভিকে দৃশ্যত এড়িয়ে যান। বিপরীতে, রানার্সআপ পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা নাকভির হাত থেকেই চেক গ্রহণ করেন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন: “ক্রিকেটে এমন ঘটনা আগে দেখিনি। শিরোপা জয়ের পরও ট্রফি থেকে বঞ্চিত হওয়াটা হতাশাজনক। তবে আমার কাছে আসল ট্রফি হলো আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে এই মুহূর্ত উদযাপন করা।”

এই ঘটনার ইঙ্গিত টুর্নামেন্টের আগ থেকেই ছিল। পুরো এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে করমর্দন এড়িয়ে চলেছেন। সুপার ফোর পর্বে দুই দলের মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নভেম্বর মাসে দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসি সম্মেলনে এই ঘটনার বিরুদ্ধে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে।

বিজ্ঞাপন

Recommended For You