তথ্য অধিকার দিবসে চাঁদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা রিডার ডেস্ক

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে চাঁদপুরে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি। রোববার সকালে আয়োজিত এ কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—“ডিজিটাল যুগে পরিবেশসংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ”।

সকাল ৯টায় সার্কিট হাউস থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দীন বলেন: “জনগণ যেন প্রয়োজনীয় তথ্য সহজেই পায়, সে জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সব সরকারি ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হবে। তথ্যের উন্মুক্ততা নাগরিক ক্ষমতায়নের অন্যতম হাতিয়ার। তবে কোন তথ্য প্রকাশযোগ্য, আর কোনটি নয়— তা নির্ধারিত রয়েছে তথ্য অধিকার আইনে।”

তিনি আরও বলেন, “প্রাসঙ্গিক তথ্যের জন্য যেকোনো আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে অহেতুক বা বিভ্রান্তিকর তথ্য চাওয়া থেকে বিরত থাকা উচিত।”

বিশেষ অতিথিদের বক্তব্য: তথ্য হালনাগাদ ও সচেতনতার ওপর জোর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি বলেন, “তথ্য হালনাগাদ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীলভাবে তথ্য প্রকাশ করাও জরুরি। যাতে সমাজে বিভ্রান্তি বা অস্থিরতা না সৃষ্টি হয়।”

সদর ইউএনও এস এম এন জামিউল হিকমা, জেলা তথ্য অফিসার তপন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, ও সাংবাদিক ফারুক আহমেদ সভায় বক্তব্য রাখেন।

টিআইবি-সনাকের সুপারিশসমূহ :
সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বক্তব্যে তথ্য অধিকার আইন কার্যকর করতে টিআইবি’র ৮ দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য: তথ্য কমিশনকে ঢেলে সাজানো ও আইন যুগোপযোগী করা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, সরকারি ওয়েবসাইটে নিয়মিত আয়-ব্যয়ের তথ্য প্রকাশ, সাংঘর্ষিক আইন যেমন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সংস্কার, প্রান্তিক জনগোষ্ঠীর তথ্যপ্রাপ্তির সক্ষমতা বাড়ানো, ব্রেইলসহ সবার জন্য তথ্যপ্রবাহ সহজ করা।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা এক স্টাডির ফলাফল উপস্থাপন করেন, যেখানে চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি ওয়েবসাইটের তথ্য হালনাগাদ অবস্থা বিশ্লেষণ করা হয়।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সনাক-টিআইবি সদস্য, ইয়েস গ্রুপ ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ছিল তথ্যপ্রাপ্তির অধিকার নিয়ে জনসচেতনতা তৈরির একটি ইতিবাচক উদ্যোগ।

বিজ্ঞাপন

Recommended For You