
বাংলা রিডার ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কর্মকর্তাদের অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, “কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না। আমরা আপনাদের নির্দেশনা দেবো, তবে সেটা হবে আইন ও বিধি অনুসারে—কখনো বেআইনি কিছু নয়।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “আমরা পাঁচজন কমিশনার শপথ নিয়েছি, কিন্তু আমাদের কার্যক্রম বাস্তবায়ন করেন আপনারা—নির্বাচন কর্মকর্তারা। তাই এই শপথের দায়ভার এখন আপনাদের কাঁধে। আপনারা আজ তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন।”
তিনি আরও যোগ করেন, “নানামুখী চ্যালেঞ্জ প্রতিনিয়ত মোকাবিলা করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। অনেক কিছুই আছে যা বাইরে থেকে দেখা যায় না। বাংলাদেশে কাজ করা সহজ নয়, তবুও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।”
এ সময় প্রধান উপদেষ্টার আস্থার কথা তুলে ধরে সিইসি বলেন, “প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা আছে নির্বাচন কমিশনের ওপর যে, আমরা একটি ভালো, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবো।”
“ভালো নির্বাচনের বিকল্প নেই” — ইসি সদস্য রহমানেল মাছউদ
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই মুহূর্তে ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন যদি যুদ্ধ হয়, তবে আপনারাই (নির্বাচন কর্মকর্তারা) সেই যুদ্ধের সৈনিক।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়ার মূল খেলোয়াড়। আসুন, জাতির জন্য, জনগণের জন্য একটি অবাধ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দিই।”



