৩ বলে ২ উইকেট রিশাদের, চাপে পাকিস্তান

বাংলা রিডার ডেস্ক 

সুপার ফোরে জয়ের সূচনা করার পর ভারতের বিপক্ষে হেরে আজকের ম্যাচে ‘অলিখিত সেমিফাইনাল’ খেলছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

বল হাতে ইনিংস শুরু করেন দলে ফেরা তাসকিন আহমেদ। চতুর্থ বলেই এনে দেন প্রথম সাফল্য। অফ স্টাম্পের বাইরের ভালো লেংথের বলে স্কয়ার ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ৪ বলে মাত্র ৪ রান করেন তিনি।

পরের ওভারেই আসে দ্বিতীয় উইকেট। বল হাতে আসেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান। আগ্রাসী হতে গিয়ে মিড-অন অঞ্চলে রিশাদের হাতেই আবারও ক্যাচ দেন সাইম আইয়ুব। শূন্য রানে বিদায় নেন তিনি।

৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর ফখর জামান ও সালমান আলি আগা কিছুটা স্থিতি আনার চেষ্টা করেন। কিন্তু পাওয়ার প্লেতে তারা তুলতে পারেন মাত্র ২৭ রান।

সপ্তম ওভারে আবারো আঘাত হানেন রিশাদ হোসেন। ফখর জামানকে ২১ বলে ১৩ রানে লং অফে ক্যাচ বানান তিনি। নিজের পরের ওভারে ফিরেই হুসেইন তালাতকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট শিকার করেন এই লেগস্পিনার। তালাত ৭ বলে ৩ রান করে ফেরেন সাজঘরে।

এই রিপোর্ট লেখার সময় ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩৭ রান। তিন বলের ব্যবধানে রিশাদের দুই উইকেটেই বড় বিপদে পড়ে গেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

Recommended For You