
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের রাজনৈতিক দলগুলো খুব শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার নিয়ে একটি ঐকমত্যে পৌঁছে ‘জুলাই সনদ’ সই করতে যাচ্ছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।
ড. ইউনূস বলেন, “সংস্কারের মূল উদ্দেশ্য হলো দেশে আর কোনো স্বৈরশাসকের উত্থান যেন না ঘটে।” তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে এবং এর আগে ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত রাজনৈতিক সংস্কারের আলোকে অর্থবহ পরিবর্তনের আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই দলগুলো সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়গুলো নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে।
বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। শেহবাজ শরিফ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে এসব দুর্যোগের মূল কারণ হিসেবে তুলে ধরেন।
বৈঠকে আরও আলোচনা হয় সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ার পর আঞ্চলিক সহযোগিতার বিকল্প পথ নিয়ে। এ সময় শেহবাজ শরিফ ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।



