সময়মতো শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার আশ্বাস

বাংলা রিডার ডেস্ক
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়েই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির সাতোরির নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। রমজানের আগেই, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন তরুণদের মধ্যে নির্বাচনী উৎসাহ ফিরিয়ে এনেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবারের নির্বাচন হবে শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর। কিছু মহল নির্বাচন পেছানোর অপচেষ্টা চালালেও সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রধান উপদেষ্টা বিশ্বাস প্রকাশ করে বলেন, এবারের নির্বাচনে তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখা যাবে। তিনি বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনার প্রতীক হবে। এটি আমাদের গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”

ঘণ্টাব্যাপী আলোচনায় সরকার পরিচালিত সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইইউ প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে এবং দেশটি সঠিক পথে এগোচ্ছে বলে তাদের প্রত্যাশা।

অধ্যাপক ইউনূস ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা, বিশেষ করে শিক্ষাব্যবস্থা পুনরায় চালুর লক্ষ্যে তহবিল বৃদ্ধির আহ্বান জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গৃহীত শ্রম খাতে সংস্কার উদ্যোগ তুলে ধরেন।

বিজ্ঞাপন

Recommended For You