
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯—এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)।
ভূমিকম্পটি অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীন জুড়ে।
এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ঢেকিয়াজুলি এলাকায়, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা “জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)” জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭১ এবং এটি উত্তর-পূর্ব ভারতে আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তি স্থল তুলনামূলকভাবে অগভীরে হওয়ায় কেন্দ্রস্থলের আশপাশে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।
প্রতিবেশী দেশগুলোতে কিছু এলাকায় আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।



