ফেব্রুয়ারির নির্বাচন হবে উৎসবমুখর: প্রধান উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এক “মহোৎসবের” মতো—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যদি কাঙ্ক্ষিত সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়, তবে আগামী নির্বাচনের পরিবেশ হবে ঐক্যবদ্ধ ও উদ্দীপনাময়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে একটি মহোৎসব, যদি আমরা সময়মতো সংস্কার কার্যকর করতে পারি।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের পথ রোধ করতে হলে এখনই সময় সংস্কার বাস্তবায়নের। এজন্য সর্বদলীয় ঐকমত্য অপরিহার্য। দ্বিমতের জায়গা নেই। সবাইকে একসঙ্গে এগোতে হবে—তবেই এই নির্বাচন সফল হবে।”

চলমান সংলাপ ও সমঝোতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “যে সমঝোতার পথ শুরু হয়েছে, এখন তা থেকে সরে আসার সুযোগ নেই। নতুন বাংলাদেশ গড়তে হলে কিছু কষ্ট হলেও ঐক্য ধরে রাখতে হবে। পরে তাতেই শান্তি আসবে।”

তিনি সতর্ক করে আরও যোগ করেন: “এই সুযোগ আবার নাও আসতে পারে। তাই এবারই পরিবর্তনের উপযুক্ত সময়।”

এদিকে, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, “প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে প্রায় অর্ধেক বাস্তবায়নের কাজ চলছে। আশা করা যাচ্ছে, ডিসেম্বরের আগেই প্রায় ৭৫ শতাংশ সংস্কার সম্পন্ন হবে। তবে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত, যেগুলোর জন্য বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।”

বিজ্ঞাপন

Recommended For You