হাজীগঞ্জে গায়ে হলুদ অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু

বাংলা রিডার ডেস্ক 

চাঁদপুরের হাজীগঞ্জে গায়ে হলুদের আনন্দমুখর পরিবেশ এক হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে বিষাদে পরিণত হয়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মিজি বাড়িতে গায়ে হলুদের সময় হৃদরোগে আক্রান্ত হন বর রনি মিজি (১৯)। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে রনি মারা যান।

পরদিন শুক্রবার দুপুরে তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল। কিন্তু সেই দিনেই বাদ জুমা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

নিহত রনি মিজি কাপাইকাপ গ্রামের বিল্লাল মিজির ছেলে। তিনি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। কলেজে পড়াশোনার সময় তার পরিচয় হয় শাহরাস্তি উপজেলার এক সহপাঠী তরুণীর সঙ্গে। পরিচয় থেকে প্রেম, পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে আমন্ত্রণপত্র বিতরণসহ বিয়ের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।

বৃহস্পতিবার রাতে বর ও কনের নিজ নিজ বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠানের মাঝপথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন কনেও, তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার প্রবাসী বাবাও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি জানাযা ও দাফন কাজে উপস্থিত ছিলাম। এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোক বিরাজ করছে।”

বিজ্ঞাপন

Recommended For You