ব্লুটুথ বন্ধ রাখলে কি সত্যিই বাড়ে ইন্টারনেটের গতি?

বাংলা রিডার ডেস্ক
ইন্টারনেটের গতি কমে গেলেই অনেকেই স্মার্টফোনের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে শুরু করেন। এর মধ্যে প্রচলিত একটি ধারণা হলো—ব্লুটুথ চালু থাকলে ইন্টারনেটের গতি কমে যায়। তাই অনেকেই দ্রুতগতির ইন্টারনেট পেতে ব্লুটুথ বন্ধ করে দেন।

কিন্তু সত্যিই কি ব্লুটুথ চালু থাকলে ইন্টারনেটের গতি কমে যায়? সাধারণ ব্যবহারের ক্ষেত্রে এর প্রভাব খুবই সামান্য এবং অধিকাংশ সময় ইন্টারনেটের গতি কমে যাওয়ার প্রধান কারণ ব্লুটুথ নয়।

ব্লুটুথ ও ইন্টারনেটের কাজের ধরণ আলাদা

ব্লুটুথ তৈরি করা হয়েছে খুব কাছাকাছি থাকা ডিভাইসের যেমন— ওয়ারলেস হেডফোন বা স্মার্টওয়াচ সাথে ডেটা আদান-প্রদান করার জন্য। অন্যদিকে, মোবাইল ইন্টারনেট আসে সরাসরি মোবাইল অপারেটরের টাওয়ার থেকে। তাই ব্লুটুথ বন্ধ বা চালু করার সাথে মোবাইল ইন্টারনেটের গতির সরাসরি সম্পর্ক নেই।

পুরোনো কিছু ফোনে ওয়াই-ফাই এবং ব্লুটুথ একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড (২.৪ গিগাহার্জ) ব্যবহার করে। এই কারণে খুব পুরোনো মডেলে ব্লুটুথ চালু থাকলে ওয়াই-ফাইয়ের গতিতে সামান্য প্রভাব পড়লেও পড়তে পারত। তবে আধুনিক প্রযুক্তিতে এই সমস্যার সমাধান হয়ে গেছে।

আধুনিক ৫ গিগাহার্জ প্রযুক্তির সুবিধা

এখনকার প্রায় সব স্মার্টফোন এবং ওয়াই-ফাই রাউটারে ৫ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে ব্লুটুথ এবং ইন্টারনেট সম্পূর্ণ আলাদা লেনে বা ট্র্যাকে চলে। ফলে ব্লুটুথ চালু থাকলেও আপনার ইন্টারনেটের গতিতে বিন্দুমাত্র কমতি আসে না।

ব্লুটুথ বন্ধ রাখলে আপনার ফোনের ব্যাটারি সামান্য সাশ্রয় হতে পারে, কিন্তু এটি আপনার ইন্টারনেটকে কোনোভাবেই বুস্ট বা ফাস্ট করবে না। ইন্টারনেটের গতি মূলত নির্ভর করে আপনার নেটওয়ার্ক সিগন্যাল এবং ইন্টারনেট প্ল্যানের ওপর।

তাহলে বুঝতেই পারছেন, ব্লুটুথ বন্ধ করলেই ইন্টারনেট স্পিড রকেটের মতো ছুটে চলবে এই ধারণাটি একদমই সত্যি নয়। তাই ব্লুটুথ অন রেখে গান শোনা বা স্মার্টওয়াচ ব্যবহার করায় কোনো বাধা নেই।

বিজ্ঞাপন

Recommended For You