রাষ্ট্রপতি নির্বাচন: ২০ আগস্ট এমপিদের বৈঠক ডেকেছে ইসি

বাংলা রিডার ডেস্ক
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আগামী ২০ আগস্ট সংসদ সদস্যদের (এমপি) বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) ‘নির্বাচনী কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের পক্ষে নোটিশের প্রজ্ঞাপনটি জারি করেছেন ইসি সচিব আখতার আহমেদ।

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ধারা ৫(৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ আগস্ট প্রজ্ঞাপনের (নির্বাচনের তফসিল) ধারাবাহিকতায়, স্পিকারের সাথে আলোচনাক্রমে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিনে অর্থাৎ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করছি।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় নির্বাচন কমিশন।

এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে।
কারণ এই সময়ে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

Recommended For You