শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩, আহত ১৫

বাংলা রিডার ডেস্ক 
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও ড্রাম ট্রাকটি জব্দ করেছে।
ঘটনাস্থলে কুমিল্লা সদর দক্ষিণের লালমাই এলাকার ড্রাম ট্রাকের চালক আব্দুল ওহাব, গাইবান্ধা জেলার আল আরাফাহ বাসের চালক কামাল হোসেন ও বাগেরহাট জেলার বাসের সুপারভাইজার শোভন মিয়া মারা যান।

প্রত্যক্ষদর্শী মনির হোসেন হৃদয় জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী আল আরাফাহ এক্সপ্রেস যাত্রীবাহী বাস এবং হাজীগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি বালুবাহী ড্রাম পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রথমে তারা গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। নিহত তিনজনকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত এক পুরুষ ও নারী যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে এই সড়কে দিনের বেলায় বালুবাহী ড্রাম ট্রাক চলাচল বন্ধের দাবী জানান স্থানীয়রা।

দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করেছে শাহরাস্তি থানা পুলিশ। দুর্ঘটনার কারণে প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মীর মাহবুবুর রহমান।

এই সড়কের উয়ারুক বাজার থেকে মুদাফরগঞ্জ ১০ কিলোমিটারের মধ্যে বালু বাহী ড্রাম ট্রাকের দুর্ঘটনায় গেল তিন মাসে অন্তত ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

 

বিজ্ঞাপন

Recommended For You