ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন

বাংলা রিডার ডেস্ক
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন টিউমারের চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরায় ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি দেশে এসেছি।

দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।

গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নিয়েছেন।

ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তার ছেলে মিরাজুল মইন জয় বলেন, ‘বাবা আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। অস্ত্রোপচারের পর দুই মাস রেডিয়েশন দেওয়া হয়েছে। এরপর গত জুলাইয়ে সর্বশেষ কেমোথেরাপি দেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, টিউমার অনেকটাই ছোট হয়ে এসেছে, যা আমাদের জন্য স্বস্তির খবর। তবে পরবর্তী ধাপের চিকিৎসার জন্য আবার বিদেশে যেতে হবে। আপাতত কিছুদিন দেশে থাকবেন।’

গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরে তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।

অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিবিড় চিকিৎসার সময় সপ্তাহে পাঁচ দিন করে ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে। পরবর্তী ধাপসহ সব মিলিয়ে প্রায় ১০০টি কেমোথেরাপি নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

Recommended For You