
বাংলা রিডার ডেস্ক
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে, সকাল ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে গেলে ব্যাপক জনসমাগম হয়। অনেকেই তাকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে ভিড় করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
২০২০ সালের ১৩ মার্চ রাতে, সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জেলা প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও প্রশাসনিক অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। তার জের ধরে, ওই রাতে তার বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়, এবং ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করা হয়। অভিযুক্ত ছিলেন তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।
পরবর্তীতে আরিফুল ইসলামের বিরুদ্ধে অর্ধেক বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে তাকে তাৎক্ষণিকভাবে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। যদিও অভিযোগটি পরে প্রশ্নবিদ্ধ হয় এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলাটি চলমান রয়েছে। সম্প্রতি, সুলতানা পারভীন হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও স্থায়ী জামিনের জন্য আজ জেলা জজ আদালতে হাজির হন। তবে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


