রাতের ভোটের ‘মাস্টারমাইন্ড’ জাবেদ পাটোয়ারী : জানালেন মামুন

বাংলা রিডার ডেস্ক
২০১৮ সালে হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতের ভোটের মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী। এ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের পদক দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দিতে এসব কথা বলেন সাবেক আইজিপি মামুন।

জুলাই-আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা পৌনে ১২টার দিকে তার জবানবন্দি গ্রহণ শুরু করেন আদালত।

এর আগে, ১০ জুলাই মামলার দায় স্বীকার করে নিজে থেকে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন মামুন এবং সব দায় নিজের কাঁধে নেন।

এই মামলায় ইতোমধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন, যাদের জবানবন্দিতে উঠে এসেছে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশব্যাপী সংঘটিত হত্যাযজ্ঞের মর্মান্তিক চিত্র। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা শেখ হাসিনা, কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

১ সেপ্টেম্বর মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সেদিন ছয়জন সাক্ষী—যাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী ছিলেন—জবানবন্দি দেন। আজও একই ধারাবাহিকতায় সাক্ষ্যগ্রহণ চলছে।

মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১০ জুলাই, যেদিন ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে পাঁচটি অভিযোগ গঠন করে।

মামলার অভিযোগপত্রটি মোট ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে: ২,০১৮ পৃষ্ঠা তথ্যসূত্র, ৪,০০৫ পৃষ্ঠা জব্দতালিকা ও দালিলিক প্রমাণ, ২,৭২৪ পৃষ্ঠা শহীদদের তালিকা।

মোট ৮১ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে। ১২ মে, তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বিজ্ঞাপন

Recommended For You