মাঠে ফিরেই গোল মেসির, আইসল্যান্ডকে উড়িয়ে প্রস্তুতি শেষ আর্জেন্টিনার

বাংলা রিডার ডেস্ক
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে গোল করেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি, আর তার নেতৃত্বে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (১০ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের আলবামায় দাপট দেখিয়ে জিতেছে আর্জেন্টিনা। মেসির একটি ছাড়াও বাকি দুটি গোল এসেছে ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদার পা থেকে।

কোনো গোল করতে না পারলেও আইসল্যান্ড খারাপ খেলেনি। আর্জেন্টিনার ৬০ শতাংশ বল দখলে রাখার বিপরীতে আইসল্যান্ডের খেলোয়াড়দের পায়ে বল ছিল ৪০ শতাংশ। তবে ম্যাচে ফাউল হয়েছে অনেক। ৩০ ফাউলের ১২টি আর্জেন্টিনা ও ১৮টি করে আইসল্যান্ড।

শুরুর একাদশে মেসি মাঠে না নামলেও গোল পেতে দেরি হয়নি চ্যাম্পিয়নদের। ৮ আর্জেন্টিনা একটি ফ্রি-কিক পায় এবং সেটি দারুণভাবে কাজে লাগায়। নিকোলাস ওতামেন্দি বক্সের মধ্যে বল ভাসিয়ে দেন। প্রতিপক্ষের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করলেও বক্সের বাইরে থাকা ভ্যালেন্টিনো বার্কো হাফ-ভলিতে দুর্দান্ত শট নেন। যা গিয়ে সহজেই জড়ায় জালের বাঁ দিকে।

প্রথমার্ধে এরপর একাধিক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি আলবেসিলেস্তেরা। চেষ্টা চালায় আইসল্যান্ডও। কিন্তু পারেনি গোল করতে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।

বিরতির পর খেলা মাঠে ফিরলেও মেসিকে ছাড়াই আরেকবার শুরু করে আকাশী-সাদা জার্সিধারিরা। তবে সেসময় বিশ্বচ্যাম্পিয়নরা পাঁচটি পরিবর্তন আনে। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লাউতারো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমারেকে মাঠে নামান স্কালোনি। মাঠে ছাড়েন এক্সিকুয়েল পালাসিও, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, হোসে লোপেজ এবং লিসান্দ্রো মার্তিনেজ। তবে ম্যাচের ৫১ মিনিটে মেসিকে গা গরম করতে দেখে গ্যালারিতে উচ্ছ্বাস বেড়ে যায়।

আইসল্যান্ড তাদের হাই লাইন রেখে খেলতে গিয়ে চাপে পড়ে। ৫৭ মিনিটে নিকো পাজ ডান দিক দিয়ে বল পেয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন। তিনি গোলরক্ষককে টেনে বের করেন এবং তারপর ক্রস করে বল দেন লাউতারো মার্তিনেজকে। তবে ইন্টার মিলানের এই স্ট্রাইকার সময়মতো বলের কাছে পৌঁছাতে পারেননি। একের পর এক সুযোগ হাতছাড়া হতে থাকে স্কালোনির শিষ্যদের। তাই প্রতিশ্রুতি অনুযায়ী ৬৯ মিনিটে তিনি মাঠে নামান মেসিকে।

মাঠে নামার মিনিট দুয়েকের মধ্যেই গোল করেন মেসি। প্রথম স্পর্শেই লাউতারো মার্তিনেজকে একটি দারুণ থ্রু বল পাঠান। বক্সের ভেতরে গিয়ে ইন্টার মিলানের এই স্ট্রাইকার পড়ে যান এবং রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। মেসি নিজেই শট নিতে এগিয়ে আসেন। আট বছর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করার স্মৃতি থাকলেও এবার আর কোনো ভুল করেননি তিনি। বল জালে জড়িয়ে আর্জেন্টিনার লিড দ্বিগুণ করেন।

সবশেষ ৮৭ মিনিটে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে উঠে আসে। মেসি পাস দেন রদ্রিগো ডি পলকে। তিনি ক্রস করেন থিয়াগো আলমাদাকে। বল পেয়ে কোনো ভুলই করেননি আলমাদা। বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন। এই গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

বিজ্ঞাপন

Recommended For You