
বাংলা রিডার ডেস্ক
উত্তর-পূর্বাঞ্চল ও হাওর এলাকায় নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটি জানিয়েছে, পানির এ ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাউবোর সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদী জারিয়া জাঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজার জেলার মনু নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে; এবং নদীগুলো প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি-ভারি থেকে ভারি এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
পাউবো জানিয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, এ অঞ্চলে আগামী ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা পানির সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। ৩য় দিন কুশিয়ারা নদীর পানি সমতল প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সুরমা নদীর পানির সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদীর পানির সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে এবং নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানির সমতল আগামী ৩দিন বৃদ্ধি পেতে পারে। বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ২৪ ঘণ্টায় প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানির সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। খোয়াই ও জুড়ি নদী আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।



