আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা

বাংলা রিডার ডেস্ক
আষাঢ়ের শেষ ভাগে দেশের আবহাওয়ায় ফিরে এসেছে বর্ষার চিরচেনা রূপ। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় থেমে থেমে থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

অবিরাম বর্ষণে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। একই সঙ্গে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা জনজীবনে ভোগান্তি বাড়িয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে, এতে প্রাণহানির খবর পাওয়া গেছে।

ঢাকার আকাশেও গত তিন-চারদিন ধরে থেমে থেকে বৃষ্টি ঝরছে। ছুটির দিন শুক্রবার (১০ জুলাই) ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি ঝরছে। এতে অনেক এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমেছে। ছুটির দিনেও নানা শ্রেণিপেশার মানুষকে বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, সাতসকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।

গত মঙ্গলবার প্রায় সারাদিনই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি ঝরেছে বুধবারও। গতকাল বৃহস্পতিবার দিনের শুরু থেকে বিভিন্ন সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে। রাতেও বৃষ্টি ছিল থেমে থেমে। ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

রাজধানীর বাংলামোটর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন গুলিস্তানগামী একজন যাত্রী। হাতে ছাতা থাকার পরও ভারী বৃষ্টিতে তার শরীর প্রায় পুরোটাই ভিজে গেছে। বৃষ্টি আর ছুটির দিন হওয়ার কারণে সকালে সড়কে বাসের সংখ্যাও ছিল তুলনামূলক কম।

কারওয়ান বাজার থেকে গুলশানগামী একজন যাত্রী জানান, তিনি অন্যান্য দিন ওয়াটার ট্যাক্সিতে যাতায়াত করেন। কিন্তু বৃষ্টির কারণে আজ যাচ্ছেন সিএনজি অটোরিকশায়। গন্তব্যে পৌঁছানোর আগেই শরীর পুরোপুরি ভিজে গেছে। বাসা থেকে বের হওয়ার পর রিকশা ভাড়াও গুনতে হয়েছে বেশি।

আবহাওয়া অফিস আগেই জানিয়েছে, সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টি ঝরবে। নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে চলে গেলেও এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি আগামীকাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঘটনায় অনেকের প্রাণহানি হয়েছে। আতঙ্কে দিন কাটছে সেসব এলাকার বাসিন্দাদের।

নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You