“নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে” — বিএনপিকে আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক  

আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে—এমন আশ্বাস পেয়েছে বিএনপি। রোববার (৩১ আগস্ট) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠককে “ফলপ্রসূ” উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের নিশ্চিত করেছেন, নির্বাচন নির্ধারিত সময়, অর্থাৎ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরাও সেটাই বিশ্বাস করি।”

তিনি জানান, বৈঠকে নির্বাচনকালীন সরকারের কাঠামো, রাজনৈতিক পরিবেশ এবং বিএনপির উদ্বেগ-আপত্তি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “আমাদের আশঙ্কা ছিল—নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটি চক্রান্ত সক্রিয় রয়েছে। তবে প্রধান উপদেষ্টার আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। তিনি স্পষ্ট করে বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার এখতিয়ার রাখেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক ও গঠনমূলক ছিল। ফলে, দেশবাসীও এখন কিছুটা নিশ্চিন্ত।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নুরের ওপর যে হামলা হয়েছে, সেটি অত্যন্ত গর্হিত ও নিন্দনীয়। রাজনৈতিক পরিবেশকে অস্থির করার উদ্দেশ্যে এটি করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা প্রধান উপদেষ্টার কাছে জোর দিয়ে বলেছি, এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে বলে জানা গেছে, যার মধ্যে ছিল সহিংসতা বন্ধ, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির দাবি।

বিজ্ঞাপন

Recommended For You