
বাংলা রিডার ডেস্ক |
জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও ফ্যাসিবাদী রাজনীতির সহচর হিসেবে কাজ করেছে, তাই তাদেরও নিষিদ্ধ করা উচিত।
রোববার (৩১ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, “জাতীয় পার্টির বিষয়ে আমরা সুস্পষ্টভাবে বলেছি—যেভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টির কর্মকাণ্ডও নিষিদ্ধ করা যেতে পারে।”
বৈঠকে সদ্য নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এটি শুধুই ন্যক্কারজনক নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। হামলার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত—এমনটাই আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগী হিসেবে দীর্ঘদিন জাতীয় পার্টি কাজ করেছে। সে বিবেচনায় তাদের প্রতিও একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ বিবেচনায় নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি।”
জামায়াত প্রতিনিধি দলের চার সদস্য বৈঠকে অংশ নেন। ডা. তাহের ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক সহিংসতা এবং আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে।



