জ্বালানি মজুত ও চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা রিডার ডেস্ক
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থেকে পরিস্থিতি নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি ও সীমান্ত দিয়ে তেল পাচারের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব বন্ধে চিরুনি অভিযানসহ কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

চিফ হুইপ আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও সমপরিমাণ তেল দেশে আসছে।

প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে যাতে কেউ অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং কোথাও দাম বৃদ্ধি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য দেবেন।

দুর্ঘটনা ও শোক প্রস্তাব
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনার বিষয়েও আলোচনা হয়। দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।

সংসদীয় কার্যক্রমে নতুন উদ্যোগ
চিফ হুইপ জানান, দেশে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজন করা হবে।

সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না হলেও আগামী বৈঠকে এ বিষয়ে অগ্রগতি আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ বিভিন্ন বিলের প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে পেশ করার লক্ষ্যে কাজ চলছে।

বিজ্ঞাপন

Recommended For You