লম্বা ছুটি শেষে ঢাকামুখী মানুষের ভিড়

বাংলা রিডার ডেস্ক

ঈদ ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকালের ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেও দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরেছেন অনেকে।

সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, দূরপাল্লার বাস থেকে নেমেই কেউ বাসার পথে ছুটছেন, আবার কেউ সরাসরি কর্মস্থলের উদ্দেশে রওনা দিচ্ছেন।

ফেরার পথে মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন। তুলনামূলক কম সময়ে ঢাকায় পৌঁছাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

নওগাঁ থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম জানান, রাতে যাত্রা শুরু করে সকালে নির্বিঘ্নে ঢাকায় পৌঁছেছেন। পরদিন অফিস থাকায় আগেভাগেই ফিরে এসেছেন তিনি।

অন্যদিকে কুড়িগ্রাম থেকে পরিবার নিয়ে ফেরা মশিউর রহমান বলেন, টাঙ্গাইলে একটি দুর্ঘটনার কারণে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশে কিছুটা ধীরগতি ছিল। তবে পরিস্থিতি সামাল দিতে সেতুর চার লেন ঢাকাগামী যানবাহনের জন্য খুলে দেওয়ায় যাত্রা তুলনামূলক দ্রুত হয়েছে।

গাবতলীর এক বাস শ্রমিক জানান, ঈদের ছুটির পরও রাজধানী এখনো কিছুটা ফাঁকা রয়েছে। যাত্রীদের ঢল থাকলেও সড়কে বড় ধরনের চাপ বা বিশৃঙ্খলা দেখা যায়নি। তবে আগামীকাল থেকে চাপ বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাসচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানজট না থাকায় ভ্রমণ সময় কমেছে এবং ক্লান্তিও ছিল তুলনামূলক কম।

উল্লেখ্য, গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ঈদের সাত দিনের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা ছিল। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং পরবর্তী দুই দিন সরকারি ছুটি থাকায় দীর্ঘ বিরতির পর আবার কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানী।

বিজ্ঞাপন

Recommended For You