চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎ বিচ্ছিন্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর জেলায় বুধবার (২৫ মার্চ) রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ের কারণে সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা পারভেজ পাটোয়ারী জানান, হঠাৎ করেই ঝড় শুরু হয়ে লুধুয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।

দেওয়ানজীকান্দি গ্রামের খোকন সরকার বলেন, ঝড়ে তার বাড়ির টিনের বেড়া ভেঙে রাস্তায় পড়ে গেছে। এছাড়া গাছপালা উপড়ে গিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে সড়কে পড়ে রয়েছে। পাশের বাড়িতে গাছ পড়ে কয়েকটি পরিবারের বিদ্যুতের মিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আধুরভিটি গ্রামের সোহরাব হোসেন জানান, কালবৈশাখীর আঘাতে বড় বড় গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে তার ছিঁড়ে যায়, ফলে পুরো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে দ্রুত সড়ক থেকে উপড়ে পড়া গাছ সরানো এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান জানান, ঝড়ে বিভিন্ন স্থানে খুঁটি ও বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট টিম কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সড়ক থেকে দ্রুত গাছ অপসারণ এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You