ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস পালিত

বাংলা রিডার ডেস্ক
আজ (বুধবার) ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় রাত, যা ইতিহাসে চিরকাল বেদনাবিধুর অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

সেই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর চালায় নির্মম হত্যাযজ্ঞ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ নির্বিচারে নিহত হন। অসংখ্য নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হয় সেই কালরাত্রি।

এই দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশে ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে এক নৃশংসতম অধ্যায়। ওই রাতের গণহত্যা পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। পরবর্তীতে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ২৫ মার্চের হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত। ওই রাতেই চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গণহত্যার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে রূপ নেয়।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানাতে ২৫ মার্চের গুরুত্ব তুলে ধরা প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। একই সঙ্গে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

Recommended For You