হরমুজ দ্বীপের কাছে এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

বাংলা রিডার ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজ দ্বীপের কাছে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। রোববার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ ও মেহর নিউজ।

ইরানের জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট যুদ্ধবিমানটি দেশের দক্ষিণ উপকূলীয় আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। ভূপাতিত হওয়ার ঠিক আগে বিমানটি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

তবে বিমানটি কোন দেশের, কিংবা এর পাইলটের কী পরিণতি হয়েছে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তেহরান। এ ঘটনায় কোনো ধ্বংসাবশেষের প্রমাণও প্রকাশ করা হয়নি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-সহ বহু মানুষের প্রাণহানির দাবি করা হয়।

এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাকসহ উপসাগরীয় বিভিন্ন দেশে—যেখানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে—দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন

Recommended For You