
বাংলা রিডার ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা এক মাসের সিয়াম সাধনার পর আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনে।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা জীবনের সব ক্ষেত্রে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। এ উৎসব ধনী-গরিব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধির আহ্বান জানায়।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন।
তিনি বলেন, “আসুন, ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে আমরা সবাই একযোগে কাজ করি।”
বাণীর শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।



