ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত: ইরানের বিপ্লবী গার্ড

বাংলা রিডার ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশটিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন পুরোদমে চলছে।

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ইরান-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাঈনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতা এখনো পূর্ণমাত্রায় রয়েছে এবং উৎপাদন বা মজুতে কোনো ঘাটতি নেই।

তিনি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মান সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যুদ্ধকালীন অবস্থাতেও আমরা উৎপাদন চালিয়ে যাচ্ছি, যা উল্লেখযোগ্য।” ইরানের শিক্ষা পদ্ধতিতে ২০ নম্বরকে পূর্ণাঙ্গ স্কোর হিসেবে বিবেচনা করা হয়—এই উদাহরণ টেনে তিনি সক্ষমতার বিষয়টি ব্যাখ্যা করেন।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, ইরান আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না এবং দেশটি দুর্বল হয়ে পড়ছে।

তবে আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অব্যাহত থাকবে। জেনারেল নাঈনি বলেন, দেশের জনগণ চায় শত্রু সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক।

সূত্র: এএফপি, আল জাজিরা।

বিজ্ঞাপন

Recommended For You