আজ পবিত্র শবে কদর

বাংলা রিডার ডেস্ক
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হবে এই মহিমান্বিত রাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালন করবেন মুসলমানরা।

ইসলাম ধর্মে লাইলাতুল কদরকে অত্যন্ত ফজিলতপূর্ণ রাত হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে বর্ণিত আছে, হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত অধিক মর্যাদাপূর্ণ। এই রাতে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত, মাগফিরাত ও বরকত নাজিল হয় বলে বিশ্বাস করা হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এ রাতে মসজিদ ও ঘরে ঘরে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও বিশেষ দোয়া-মোনাজাতে মশগুল থাকবেন। অনেক স্থানে মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের আয়োজনও করা হবে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র রমজান মাসের এই মহিমান্বিত রাতেই নাজিল হয়েছিল পবিত্র আল-কোরআন। তাই এ রাতে মুসলমানরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে ইবাদতে অধিক সময় ব্যয় করেন।

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। এছাড়া বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।

বিজ্ঞাপন

Recommended For You