খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক
দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টায় বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন।

অনুষ্ঠান শেষে তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

এদিকে তার সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You