আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

বাংলা রিডার ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ এপ্রিল দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী–এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঠিক করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এ মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জন আসামি রয়েছেন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন— এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর মঈনুল করিম। আসামিপক্ষের আইনজীবীরাও শুনানিতে অংশ নেন।

এর আগে ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আসামিপক্ষের বক্তব্যের পর প্রসিকিউশনের জবাব এবং পরে পাল্টা জবাব উপস্থাপন করা হয়।

গত ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন কার্যদিবসে প্রসিকিউশনের যুক্তিতর্কে মামলার বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় ২০২৪ সালের ১৬ জুলাই ধারণ করা বেরোবি ক্যাম্পাসের মূল ফটকের সিসিটিভি ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়। প্রসিকিউশন দাবি করে, ভিডিওতে আসামিদের অবস্থান ও ভূমিকা শনাক্ত করা গেছে এবং ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করা হয়। পলাতক আসামিদের পক্ষে ২২ জুলাই চারজনকে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। তদন্ত সংস্থা ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেয় এবং ৩০ জুন অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

Recommended For You