
বাংলা রিডার ডেস্ক
মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, নতুন এ সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে। ভাড়া ছাড়ের জন্য অনলাইনে টিকিট কাটার সময় বিশেষ অপশন যুক্ত করা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা পাবেন। এছাড়া ভ্রমণের সময় এবং টিকিট সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় প্রদত্ত কার্ড গ্রহণযোগ্য হবে। তবে বীর মুক্তিযোদ্ধারা এ সুবিধার আওতায় থাকবেন কি না—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী।
রেলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার রেলের সেবার মান ও গতি বাড়াতে কাজ করছে। চলমান প্রকল্প দ্রুত শেষ করার পাশাপাশি নতুন প্রকল্পও নেওয়া হচ্ছে, যাতে রেলব্যবস্থা আরও শক্তিশালী ও জনবান্ধব হয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামলাতে ৮৫–৮৬টি লোকোমোটিভ ব্যবহারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এটি সম্ভব হলে শিডিউল বিপর্যয় কমবে এবং অতিরিক্ত যাত্রী পরিবহন সহজ হবে।
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে তারা নির্ধারিত ভাড়ার বাইরে টাকা না নেওয়ার অঙ্গীকার করেছেন। প্রশাসন বিষয়টি কঠোরভাবে নজরদারি করছে। বাস মালিকরা সেতু টোল মওকুফের একটি দাবি তুলেছেন বলেও তিনি জানান।
ঢাকা ছাড়ার সময় মানুষের চাপ প্রসঙ্গে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের যাত্রা বড় চাপ তৈরি করে। তবে সরকারের প্রস্তুতির কারণে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈদযাত্রা সহজ করতে একদিন ছুটি বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়; পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।



