ইকরার মৃত্যুর ঘটনায় আলভীর বিরুদ্ধে প্রতিবেদন ১৫ এপ্রিলের মধ্যে

বাংলা রিডার ডেস্ক
স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীসহ দুই আসামির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার মামলায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

সোমবার প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, রোববার বিকেলে মামলার এজাহার আদালতে আসে। আদালত তা গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি

গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় যাহের আলভীর বাসা থেকে তার স্ত্রী আফরা ইবনাত ইকরা–র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্ত্রীর মৃত্যুকে ‘আত্মহত্যা’ দাবি করেছেন যাহের আলভী। শুটিংয়ের কাজে নেপালে থাকা অবস্থায় তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার কথা জানান।

ঘটনার রাতেই পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। তার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল–এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ফেসবুক পোস্টে আলভী লিখেছিলেন, “আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংয়ে ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল—আমি বুঝতে পারছি না।”

যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের এক ছেলে সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You