মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত সাত

বাংলা রিডার ডেস্ক
মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের একজন সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ। আকাশ থেকে নেমে আসা ধ্বংসাবশেষে আঘাত পেয়ে তিনি মারা যান। এছাড়া বাহরাইনেও আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন, যেখানে একই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত ও মানামায় বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রাবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চাঁদিনার দুলাল মিয়া। আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে স্থিতিশীল আছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে; রাষ্ট্রদূতও হাসপাতালে গিয়ে তাদের খোঁজ নিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে অবস্থান করছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদ আছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। অঞ্চলে বসবাসরত ছয় মিলিয়নের বেশি বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রবাসীদের সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সরকার পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You