
বাংলা রিডার ডেস্ক
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, ড. ইউনূসের প্রস্থানের পর ভবনটিতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। সংস্কার শেষে ভবনটি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই অভ্যন্তরীণ সাজসজ্জা, কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ সব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কাজ সম্পন্ন হলে ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের উপযোগী করে হস্তান্তর করা হবে।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই যমুনায় উঠবেন কিনা—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি গুলশানে নিজ বাসভবনেই অবস্থান করছেন।



