
বাংলা রিডার ডেস্ক
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। হামলার কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, “আঘাতের ফলে নুরুল হক নুরের নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তার চোখে রক্ত জমাট বেঁধেছে।” তিনি আরও জানান, নুরের চিকিৎসার জন্য হাসপাতালের নিউরো সার্জারি, নাক-কান-গলা, আইসিইউ বিভাগসহ অন্যান্য বিভাগে সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। নুরের পরবর্তী সিটি স্ক্যান করা হবে, যাতে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা পর্যালোচনা করা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, “নুরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যা আজ আলোচনা করবে। নুরের জ্ঞান ফিরেছে, তবে তার মাথা এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।”
গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। উক্ত সংঘর্ষে পুলিশি লাঠিচার্জের পর নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।



