প্রথমবারের মতো তারেক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে

বাংলা রিডার ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি কার্যালয়ের অনেক পুরোনো কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন।

পরে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

বিজ্ঞাপন

Recommended For You