সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছেছেন। সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। নতুন ১ নম্বর ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। একই ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়। করিডোরে নতুন ফুলের টব স্থাপন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নেন।

নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ভবনে প্রবেশমুখে আর্চওয়ে স্থাপন এবং পরিচয়পত্র যাচাই করে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ নিশ্চিত করা হয়। সেনাবাহিনী ও র‍্যাবের ডগ স্কোয়াডকেও ভবনের নিচতলায় অবস্থান করতে দেখা যায়। মূল ফটকেও ছিল বাড়তি নিরাপত্তা।

প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে বসার কথা রয়েছে। প্রশাসনের কার্যক্রমে গতি আনা, শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করতে পারেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। দলীয় চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। সচিবালয়ে তার প্রথম কর্মদিবসকে ঘিরে প্রশাসনে ছিল উৎসবমুখর ও সতর্ক—দুই ধরনের আবহ।

বিজ্ঞাপন

Recommended For You