
বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর দিনটি তার প্রথম কর্মদিবস হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুরে তিনি সচিবালয়ে যাবেন। বিকেলে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রিসভার সদস্যরা পর্যায়ক্রমে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং প্রায় দুই দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে। দলটির জোটসঙ্গীরাও তিনটি আসনে বিজয়ী হয়।



