
বাংলা রিডার ডেস্ক
নির্বাচনের আগে ও পরে মিলিয়ে মোট ৯৬ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিংয়ের ব্যক্তি অ্যাকাউন্টে লেনদেনের সর্বোচ্চ সীমা এক হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারকে অবহিত করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তির (পি-টু-পি) লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ লেনদেনের সংখ্যা হবে ১০টি।
তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী লেনদেন অব্যাহত থাকবে। এছাড়া অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন নির্ধারিত সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন দ্রুত সংশ্লিষ্ট থানায় জানাতে হবে।
এই সময় পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন অনুযায়ী এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে সহযোগিতা প্রদানের কথাও বলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে স্বাভাবিক লেনদেন পুনরায় চালু হবে।



