
বাংলা রিডার ডেস্ক
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (রোববার) ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে আয়োজিত এসব জনসভায় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
দলীয় সূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় যোগ দেবেন।
প্রচারণা আরও জোরদার করতে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সর্বশেষ সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ মিলিয়ে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আজ ও আগামীকাল (সোমবার) এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এর আগে গতকাল (শনিবার) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।



