এনআইডি ব্যবহার করে সহজে জানবেন ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলা রিডার ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সুবিধার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) চারটি সহজ পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা যাবে। দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দিতে অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইটের সমন্বয়ে এই সেবা নিশ্চিত করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভোটার তথ্য জানার ৪টি পদ্ধতি হলো:

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
স্মার্টফোন ব্যবহারকারীরা Play Store বা App Store থেকে ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করে সহজেই তথ্য জানতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করতে হবে। এরপর ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক এবং কেন্দ্রের ঠিকানা জানা যাবে।

২. হটলাইন ১০৫
যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের মাধ্যমে তথ্য জানা সম্ভব। কলের পর অপারেটরের সঙ্গে কথা বলতে ‘৯’ চাপতে হবে। কল করার সময় এনআইডি নম্বর ও জন্ম তারিখ সঙ্গে রাখতে হবে। এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সক্রিয় থাকবে।

৩. এসএমএস পদ্ধতি
মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <স্পেস> NID Number এবং ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে সংশ্লিষ্ট ভোটারের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ল্যাপটপ বা কম্পিউটার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। এখানে দুটি উপায় আছে—নির্বাচনি এলাকা ও উপজেলা সিলেক্ট করে কেন্দ্রের তালিকা দেখা যাবে, অথবা এনআইডি ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত ভোটার নম্বর ও কেন্দ্র খুঁজে পাওয়া যাবে।

এই সেবাগুলো ভোটারদের ভোটদানের সুবিধা নিশ্চিত করতে এবং নির্বাচনের প্রস্তুতি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

Recommended For You