
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাঁদপুর জেলার উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সমাবেশ চলে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা রেঞ্জ কমান্ডার (পরিচালক) মোহা. মাহবুবুর রহমান জানান, প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে একজন থাকবেন প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় নিয়োজিত।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জালভোট প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করাই আনসার সদস্যদের প্রধান দায়িত্ব।

রেঞ্জ কমান্ডার জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে ডিজিটাল এফএস পদ্ধতির মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়েছে এবং এবারই প্রথম আনসার সদস্যদের ডিজিটাল তথ্য ডাটা ব্যাজে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, সকল সদস্যই যোগ্য, সৎ ও দক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া তিনি জানান, সফটওয়্যারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।
সম্মানী প্রসঙ্গে তিনি বলেন, আজ থেকে আগামী আট দিনের জন্য প্রতিদিন এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা প্রদান করা হবে। উপস্থিতির জন্য যাতায়াত খরচও দেওয়া হবে এবং সকল অর্থ সদস্যদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে পরিশোধ করা হবে, কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯ হাজার ১৭৮ জন আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফটওয়্যারে ৯ হাজার ৪৮০ জনকে কনফার্ম করা হয়েছে। প্রতি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী থাকবেন।
উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী—
চাঁদপুর সদর: ১৩৩ কেন্দ্র, জনবল ১,২৭৯, কনফার্ম ১,২০০
হাজিগঞ্জ: ৯০ কেন্দ্র, জনবল ১,১৭০, কনফার্ম ১,৩১৫
শাহরাস্তি: ৬৮ কেন্দ্র, জনবল ৮৮৪, কনফার্ম ৯২৪
কচুয়া: ১১০ কেন্দ্র, জনবল ১,৪৩০, কনফার্ম ১,৫৭০
মতলব উত্তর: ৯৮ কেন্দ্র, জনবল ১,২৭৪, কনফার্ম ১,৩৯৮
মতলব দক্ষিণ: ৫৭ কেন্দ্র, জনবল ৭৪১, কনফার্ম ৮৪৪
ফরিদগঞ্জ: ১১৮ কেন্দ্র, জনবল ১,৫৩৪, কনফার্ম ১,৭৭২
হাইমচর: ৩২ কেন্দ্র, জনবল ৪১৬, কনফার্ম ৪৫৭
চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, নির্বাচনকালীন সময়ে সমন্বিতভাবে কাজের জন্য সদস্যদের পারস্পরিক পরিচিতি, সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন।
সমাবেশ শেষে রেঞ্জ কমান্ডার উপস্থিত আনসার সদস্যদের পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ডার মো. ফজলে রাব্বি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।


